বিশ্বাস দাও..
আরো কিছু কাছে সরে এসো;
আরেকটু বিশ্বাস বিনিময় করি।
তোমার খোলামেলা ঠোঁটে সবকিছু
সহজলভ্য নয়;
তোমাকে দেখে নি কেউ
শিশিরস্নাত সকালে
উড়ে যাচ্ছ প্রজাপতি-ডানা মেলে
ভোরের বাতাসে।
যতটুকু অসহজ তুমি, রহস্য ততই –
পৃথিবীর কোনো আলো তোমাকে ছোঁয় না
কোনদিন;
পশ্চিমের হাওয়া এসে তোমাকেই খোঁজে,
তোমাকেই ডেকে মরে বিষাদ ব্যাথা
আর তুমি –
নিবিড় প্রকোষ্ঠে বসে আনমনা লিখে যাও
ধ্রুপদের আলাপ।
ভালবাসা খানিকটা প্রহেলিকা-কথা,
খানিকটা আলগোছে তোমার আমার কথা।
সকালের বানে এলে ঘরছাড়া শ্যাওলার ঝাঁক,
উঠোনের চারপাশে মেলে দাও আঁচলের রূপকথা-
কঙ্কনের অগভীর দাগ।
যারা যারা আটকে যেতে পারে, ব্যর্থ তারাই।
তাদের শ্বাসের পথে অনিবার্য প্রশ্নমালা থাকে;
উত্তর সহজ বলে তাদের প্রশ্নগুলো নিছক কঠিন।
তোমাকে জড়িয়ে ধরা মানে
বিশ্বাসের বুকে মুখ গুঁজে রাখা;
তোমার ভরন্ত ঠোঁট টেনে নেওয়া মানে
পৃথিবীর সমস্ত বিশ্বাস রাখা
ফুসফুসের নিভৃত অলিন্দে।
তোমাকে প্রশ্ন করা মানে
আরো কিছু বিশ্বাস চাই
ঘনিষ্ঠ আবরণে।
তুমি মানে শুধু তুমি নও,
একগুচ্ছ আমি,
তোমার চোখের নিচে লেখা
আমাদের অবশিষ্ট বাঁচা…
সমস্ত দুর্গন্ধ নিয়ে বেঁচে থাকতে হলে
অনেকটা বিশ্বাস লাগে
সকালের আজানের মতো।
আমাকে বিশ্বাস দাও মেঘবর্না বালিকা;
সমুদ্রের উপকূল ছেড়ে
আমি যাব অগস্ত্য যাত্রায়।



