Journal
কাল রাতে তোমার বাড়ি গিয়েছিলাম…
কাল রাতে তোমার বাড়ি গিয়েছিলাম,
তুমি ছিলে না।
হয়তো ঘুরতে গিয়েছিলে কারো সাথে।
ভাবছ মিথ্যে কথা বলছি,
তুমি তো কাল বাইরেই বেরোওনি সারাদিন।
ভাবছ উল্টাপাল্টা বকছি,
ঐ বাঁধভাঙা বৃষ্টিতে, চপচপে কাঁদায়, আর একহাঁটু জল ডিঙ্গেয়ে
আমার মতো ঘরকুনো, আলসে লোক আসতে পারে কখনো!
তবু সত্যি বলছি, এসেছিলাম।
তোমার ঘরের দরজা-জানালা খোলা ছিল হাট করে,
ছাদে মিলে রাখা শাড়িটা দড়ির কাছে বিচ্ছেদ চাইছিল বারবার।
হাওয়া সবে শুঁড়িখানা থেকে বেরিয়ে যখন মতলামো শুরু করছে,
দেখলাম তুমি একলা দাঁড়িয়ে বৃষ্টি মাখছো বারান্দায়।
আমি তখনই বুঝেছি, তুমি বাড়ি নেই।
“-কিছু বলবে এসেছিলে?”
– কি জানি, মনে নেই এখন।
তবে হঠাৎ কি মনে হলো, একটা বর্ষাতি কিনে ফিরছি বাজার থেকে,
আসলে বৃষ্টিকে এখন বড় হিংসে করি।



