Journal

আমার আঁকা ছবিটি

বস্তাভরা পুরোনো বইপত্র গোছাতে গিয়ে ছবিটা পেলাম,
চতুর্থ শ্রেণীতে বারো টাকায় কেনা সাদা ড্রয়িং খাতায় আঁকা একটা ছবি।

সামনে বিশাল ঘাসজমি পেরোলেই নদী,
নদীর উপর একটা নৌকো;
নৌকার উপর মাঝি বসে আছে দাঁড় হাতে।
নদীর ওপারে রাস্তা চলে গেছে মাঠ চিরে এক অজানা গ্রামে,
সেখানে ছোট ছোট চারখানা মাটির বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে।
সেই পথ ধরে নদীতে পানি তুলতে আসছে একটি মেয়ে,
কাঁখে ফাঁকা কলসি।
বাড়িগুলোর পিছন দিকে কিছু কলাগাছের পাতা দেখা যাচ্ছে,
তার পিছনে দিগন্ত জোড়া গাছপালা;
সেখান থেকে উঁকি মারছে দু-চারটে তালগাছ।
আর তারও পিছনে তিনখানা পাহাড় দাঁড়িয়ে আছে মেঘ ছোঁবে বলে,
ওদের মাঝখান দিয়ে সূর্য ডুবেছে আকাশ রাঙিয়ে।

বহুদিন পর দেখলাম ছবিটা।
এই কবছবে বদলে গেছে অনেক কিছু,
আমি সেই কবে ছেড়ে এসেছি এই গ্রাম।
তবু এখনও সূর্য মুখ লোকাতে পারেনি পাহাড়ের পিছনে,
এখনও মেয়েটা রাস্তা পেরিয়ে তুলতে পারিনি পাহাড়ের জল
এখনও মাঝি দাঁড় বেয়ে পেরোতে পারেনি এই ছোট্ট একটুকরো কাগজ।

তবু কোথাও এই ছবিতে আমিও ছিলাম না;
কত অনায়াসে বেরিয়ে গেছি,
ওদের ফেলে;
কত অনায়াসে।

Featured Picture : Anisul Haque

Related Articles

Check Also
Close