আমি সবচেয়ে ভালবাসবো তোমার দুটি চোখ
আমি সবচেয়ে ভালবাসবো, তোমার দুটি চোখ। চোখ দুটি।
জিজ্ঞাসা ক’রোনা— কেনো। দোহাই তোমার, জানতে চেয়োনা।
দোহাই তোমার।
একটা কথা বলার ছিল। তোমাকে। তোমাকেই শুধু। কবে থেকে বলি বলি ক’রছি। পারিনি বলতে। স্হির করতে পারিনি মনকে।
একদিন তোমার কাছে এগিয়ে গেলাম। জানি না কি করেই এগিয়ে গেলাম।
” একটা কথা বলার ছিল।”…
“একটা কথা শুধু ”
তোমার ভুরো দুটো কুঁচকে উঠলো। হায়! কিভাবে কুঁচকে উঠলো তোমার দুটো ভুরো!
—” কি কথা ? ”
আমি বলে ফেলেছিলাম। সেই একটি কথা বলে ফেলেছিলাম। আমি সেই কথাটি বলে ফেলেছিলাম, সে কথা, আমাদের প্রথম দেখার সময় থেকে আমার অন্তরে উথাল পাথাল। সে কথা আমাকে নিয়ে যাচ্ছে সুদূর সমুদ্রে। আবার আছড়ে ফেলছে তীরে। আমি সে কথাটি প্রকাশ করলাম। আমার নিদ্রাহীন রাতের সান্ত্বনা আমার আশা ও আকাঙ্খা। সে কথাটি বলার সাথে সাথে মনে হলো, দু-কাঁধ থেকে নেমে গেল পৃথিবীর প্রমাণ ভর। আমি শ্বাসরুদ্ধ। অপেক্ষা করেছিলাম উত্তর, আমার একটিমাত্র কথার।
মুহূর্ত উত্তীর্ণ হয়ে যায়। একটি মুহূর্ত! সেই মুহূর্ত যেন শতবর্ষ, একটি বছর। সেই একটি কথা কি আনবে? আনন্দ না বেদনা।
মুহূর্ত উত্তীর্ণ হ’য়ে যায়। তুমি মাথা তুললে– আমার হৃদয় শঙ্কিত হ’য়ে উঠলো। তুমি চলে গেলে একবার তাকিয়ে। কথাটি মাত্র না বলে চলে গেলে। একটিও কথা না বলে।
একটি কথা রয়েছে। তোমার একটি কথা, আমাকে। কেবল মাত্র তুমি, শুধু আমাকে। কিন্তু, বলনি সে কথা। ব’লবে কি আর আমার একটি কথার তোমার একটি উত্তর তোমারি দুটো চোখ ডাগর কালো চোখ। দরদী কোমল দু’টো চোখ উত্তর দিল “হ্যাঁ” কিন্তু, মুখে তোমার কথাটি নেই।
আমি সবচেয়ে ভালবাসবো, তোমার দুটি চোখ। চোখ দুটি।
জিজ্ঞাসা ক’রোনা- কেনো? দোহাই তোমার জানতে চয়োনা।
দোহাই তোমার!
আমি সবচেয়ে ভালবাসবো, তোমার দুটি চোখ……..



