আমিও একদিন সমুদ্র হবো
এখানে সবুজ নেই।
ধূসর দিগন্তে ওড়ে সাগরবলাকা
ডানা ভারী হয়ে আসে
নোনা বাতাসের আশ্লেষে
সময়ের পদচিহ্ন মুছে নিয়ে ফিরে যায় ঢেউ,
ফিরে আসে
মুহূর্তের সাথে তার যুদ্ধ নিরন্তর।
সূর্য সাক্ষী আমার তুমি
আঁশটে গন্ধ মেখে
চুপচাপ পড়ে থাকে
কোনোদিন, কোনো এক চাঁদজাগানিয়া রাতে,
শঙ্খবালিকারা এসে চুপিচুপি ছুঁয়ে যাবে তাকে
সঙ্গী হবে বাতিঘর ও জাহাজের জ্যামিতিক প্রেম।
এখানে নৈ:শব্দ্য নেই
ভাষাহীন, আদিম এক বোবা গর্জন শুধু,
ধরিত্রীর বিমূর্ত প্রসববেদনা যেন
দিক নেই কূল নেই,
আদি-অন্ত কিছু নেই
আছে শুধু পাতালভৈরবের এই উথাল পাথাল,
আর আছে অহংকারী, নিরুদ্দেশ দিকচক্রবাল।
কেন বারবার সমুদ্রের মুখোমুখি ফিরে ফিরে বসা?
আমিও নিষাদ হবো।
মুহূর্ত শিকার করে,
পেরিয়ে যাব জন্ম জন্মান্তরে।
স্মৃতিপত্রে নিয়ে যাবো অসীমের অমোঘ স্বাক্ষর,
আমি সমুদ্র হবো
কোনো এক আশ্রমবন্দরের পায়ে,
তরঙ্গ গচ্ছিত রেখে,
আমিও সমুদ্র হবো একদিন।
প্রকাশকাল : ২ ফেব্রুয়ারি, ২০১৫



