Journal
জাহাজডুবি

সে অনন্ত স্থির সমুদ্রের দিকে
তাকিয়ে পুরাতন চোখ,
সহস্র যুগ কেটে যায়,
চোয়াল শক্ত হয়ে ওঠে।
অথচ কিনারে,
ঢেউয়ের উচ্ছ্বাসে সলিল সমাধি
হয় কত নৌকা, বজরা, জাহাজের।
কিছু দূর যেতে না যেতেই ঝড়ো হাওয়া
উড়িয়ে নিয়ে যায় পাল, অথবা প্রপেলার।
তবু হঠাৎ কোনো পরিবর্তন কামনায়,
শুধু চেয়ে থাকা।
চিমনি দিয়ে ধোয়া ওড়ে অনর্গল,
রান্না হয়, নৈশভোজের টেবিলে
আর কোনো কথা হয় না।
সে রাতে,
কোনো খবর আসে না জাহাজডুবির।



