Journal
এইখানে থামো..
এইখানে থামো।
রোদ্দুর গলে গলে এইখানে জল হয়ে গেলে
ছায়ার পিছনে আসে ম্রিয়মাণ ভবিষ্য লেখা।
এইখানে থামো; দুহাতের ধারা বিবরণী নিয়ে
ছুঁয়ে দেখো অন্তর্বাসে ঢাকা
মৃত্যুর সমস্ত আলাপ।
এখানেই
নতশির ঝিনুকের কাছে জমে আছে
রাত্রির গোপন কলাপ;
থিকথিকে ঘ্রাণে বোনা অন্তিম সঙ্গম লিপি।
যতদূরে যাবে,
তোমার কক্ষপথে থাকে প্রাচীন নিষেক।
তাদের হঠাৎ-চিঠি উড়ে আসে,
নীল খামের চিঠি।
গোপন কাহিনী নয়, নিতান্ত ভ্রমণের মতো
তাদের আচম্বিত আসা
দরজার পাশে।
এইখানে থামো।
ঘড়ির কাঁটায় লেখো বিস্মৃতির মহাকাব্য কথা।
তারপরে আবার ভ্রমণ…
তারপরে নির্বিচার সরণ…



